
প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে তিনি তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে যাত্রা করেন।
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম চট্টগ্রাম সফর। এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম ও কক্সবাজারে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় তিনি মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
এরপর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমসংক্রান্ত একটি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
দুপুরে তিনি চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যাবেন। সেখানে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।
বিকেলে প্রধানমন্ত্রী হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় স্বল্প সময়ের জন্য বিরতি নেবেন। পরে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
সফরের শেষদিকে তিনি চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে একটি সাংগঠনিক সভায় অংশ নেবেন। দিনের কর্মসূচি শেষে রাতেই ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।